নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিন বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা পদোন্নতি লাভ করেছেন। তাদের এই অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্ব ও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
গত ২৮ মে এনওয়াইপিডি সদরদপ্তরে অনুষ্ঠিত পদোন্নতি অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তার হাতে নতুন পদমর্যাদার সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।
পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে পুলিশ কর্মকর্তা তান্নি চন্দা সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন। এছাড়া পুলিশ কর্মকর্তা সাফায়েত জামিল এবং আশফাকুর রহমান ডিটেকটিভ পদে পদোন্নতি লাভ করেছেন। নতুন পদে তারা আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে। সংগঠনের সভাপতি ক্যাপ্টেন একেএম আলম, সহ-সভাপতি সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য একটি গর্বের মুহূর্ত।
বাপার গণমাধ্যম সমন্বয়কারী সার্জেন্ট জসিম মিয়া বলেন, কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি এসেছে। তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণদের অনুপ্রাণিত করবে।
কমিউনিটি নেতাদের মতে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বাংলাদেশি-আমেরিকানদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সাফল্য মূলধারার সমাজে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবস্থানকে আরও শক্তিশালী করছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বাহিনী এনওয়াইপিডিতে বিভিন্ন বিভাগে বর্তমানে হাজারেরও বেশি বাংলাদেশি-আমেরিকান সদস্য কর্মরত রয়েছেন। তারা নিজেদের দক্ষতা, সততা এবং জনসেবার মাধ্যমে নিয়মিতভাবে সুনাম অর্জন করছেন। তিন কর্মকর্তার এই পদোন্নতি সেই ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।