
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা দেশটির নিরাপত্তা বাহিনীর ২১ জন সদস্য নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট ও নিউজ ১৮ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে। তবে তারা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে মুজাফফরাবাদের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকর্মীরা পৌঁছান। হেলিকপ্টারে থাকা সকল আরোহী শহীদ হয়েছেন বলে জানায় আইএসপিআর।
তবে হেলিকপ্টারটি ঠিক কতজন আরোহী ছিলেন- তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি আইএসপিআর।
হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে আইএসপিআর কারিগরি ত্রুটির কথা উল্লেখ করলেও এ নিয়ে বিভিন্ন জল্পনা চাউর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, গুলিবর্ষণে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে কাশ্মীরে নজিরবিহীন অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি অঞ্চলটিতে পাক নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহত এবং অন্তত ২০০ জন আহতের খবর পাওয়া গেছে।