শুক্রবার স্বাক্ষর

অবশেষে শান্তিচুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান

অবশেষে শান্তিচুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান

অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার তা স্বাক্ষর হওয়ার কথা সুইজারল্যান্ডের জেনেভাতে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমনটা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি ‘কমপ্লিট’। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইতির ঘোষণা দেন। পাশাপাশি তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ডিফিকাল্ট’ হিসেবে বর্ণনা করেন। বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। এ খবরে বিশ্বজুড়ে স্বস্তি দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা ও এনডিটিভি।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরান লেবানন সহ সব ফ্রন্টে সামরিক কর্মকাণ্ডের ‘তাৎক্ষণিক ও স্থায়ী’ অবসান ঘটাতে একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের মধ্যস্থতায় প্রথম ঘোষণা করা এই শান্তি চুক্তির বিষয়টি পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরান উভয়েই নিশ্চিত করেছে।

এই চুক্তি যুদ্ধের সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অমীমাংসিত প্রশ্নগুলোর সমাধানে আলোচনার সুযোগ এনে দিয়েছে। আলোচনায় জড়িত পক্ষগুলোর ভাষ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরুদ্ধারের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর চাপ কমাতে সহায়তা করবে। তবে হরমুজ প্রণালি হয়তো সঙ্গে সঙ্গেই পুরোপুরি চালু হবে না। মাইন অপসারণ, অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা সময় লাগতে পারে। এরপরই যুদ্ধপূর্ব সময়ের মতো জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারবে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহণ করা হতো।

 

সমঝোতা স্মারকটিতে আগামী দুই মাসের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিষ্পত্তি নিয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানের জব্দ করা অর্থ ছাড় দেয়ার বিষয়েও আলোচনা করবে। তবে এসব ছাড় তেহরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত থাকবে।

ইরান যা বলেছে

তাসনিম নিউজ এজেন্সি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদিকে উদ্ধৃত করে বলেছে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের যুদ্ধের ‘তাৎক্ষণিক সমাপ্তি’ ঘটেছে এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে তারা আগামী দুই মাসের মধ্যে আলোচনা করবে। তিনি বলেন, আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে এবং এরপর ৬০ দিনের আলোচনার সময়কাল শুরু হবে। গারিবাবাদি বলেন, চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে কি না- যার মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ করা, অবরোধ প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ মুক্ত করা, তা যাচাইয়ের পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, শুক্রবার অনুষ্ঠেয় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের দিনে দুই দেশের প্রতিনিধিদল ভবিষ্যৎ আলোচনার কাঠামো নির্ধারণে বৈঠক করবে। ইরানের এই নেতা আরও বলেন, তেহরান তাদের সব গুরুত্বপূর্ণ অবস্থান সমঝোতা স্মারকের খসড়ায় অন্তর্ভুক্ত করেছে এবং চুক্তি স্বাক্ষরের পর এর পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করা হবে। তিনি বলেন, এই সমঝোতা স্মারক শত্রুর প্রতি আস্থা রাখার অর্থ নয়। আমরা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।

 

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে তাৎক্ষণিকভাবে শত্রুতা স্থগিত করা হবে এবং ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেয়া হবে। বিবৃতিতে বলা হয়, সম্পাদিত চুক্তি অনুযায়ী রোববার দিবাগত রাত থেকেই লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিক এবং স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধও অবিলম্বে ও সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এতে আরও বলা হয়, সমঝোতা স্মারকে উল্লিখিত প্রতিশ্রুতি অন্য পক্ষ বাস্তবায়ন করার পরই চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে। পাকিস্তান ও কাতার সরকারের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ইরান। আপনাদের ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। আমি হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করার পূর্ণ অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন। নিজের ৮০তম জন্মদিন উপলক্ষে দেয়া বার্তায় তিনি এ মন্তব্য করেন।

চুক্তির বিস্তারিত এখনও অস্পষ্ট

সপ্তাহব্যাপী কঠিন আলোচনা এবং ইরান চুক্তিতে না পৌঁছালে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে ট্রাম্পের হুমকির পর এই চুক্তি হলেও এর পূর্ণাঙ্গ বিষয়বস্তু স্পষ্ট নয়। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনা শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার জব্দকৃত সম্পদ মুক্ত করবে। তাদের প্রকাশিত ১৪ দফা সমঝোতা স্মারকে বলা হয়েছে, স্বাক্ষরের পর শুরু হওয়া ৬০ দিনের আলোচনার সময়কালে আরও ২ হাজার ৪০০ কোটি ডলারের ইরানি সম্পদ মুক্ত করা হবে। তবে চুক্তির এসব বিশদ বিষয়ে ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশেষ করে তেহরানের পারমাণবিক উচ্চাকাক্সক্ষা নিয়ন্ত্রণ এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ- যা গত বছর যুক্তরাষ্ট্রের হামলায় ভূগর্ভে চাপা পড়েছে বলে ধারণা করা হয়, তা নিয়ে মতভেদ দেখা দিতে পারে।

 

নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপীয় দেশগুলো

এই চুক্তির ঘোষণাকে আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তি ও আশার বার্তা হিসেবে দেখা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। বৃটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি জানিয়েছে, তারা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত। যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চায় তারা। সোমবার বাজার খোলার পর এই ঘোষণার ইতিবাচক প্রভাব দেখা যায় বিশ্বের শেয়ারবাজারে। টোকিওতে তেলের দাম চার শতাংশের বেশি কমে যায় এবং জাপানের নিক্কেই শেয়ার সূচক তিন শতাংশ বেড়ে যায়।

হরমুজ প্রণালিতে অবরোধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব পড়ে। জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বাড়িয়েছে এবং সারসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করেছে, যা খাদ্য উৎপাদনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, আমরা শুধু এখনই নয়, দীর্ঘমেয়াদেও জ্বালানির খরচ কমাতে সক্ষম হব এবং মধ্যপ্রাচ্যে সমৃদ্ধির নতুন মেকানিজম তৈরি করতে পারব। তিনি আরও বলেন, জেনেভায় অনুষ্ঠেয় শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার পরিকল্পনা করছেন এবং ডনাল্ড ট্রাম্পও সেখানে যেতে পারেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪