
সিলেটের টেকসই উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাতীয় বাজেটের কার্যকর ভূমিকা নিয়ে ভার্চুয়াল নীতিগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) ‘সিলেটের উন্নয়নে বাজেট পর্যালোচনা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে সিলেট সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিসার্চ ফার্ম (এসএসডিআরএফ)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
উদ্বোধনী বক্তব্যে আয়োজকরা বলেন, সিলেটের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে বাজেট বরাদ্দের অগ্রাধিকার, সম্পদের কার্যকর ব্যবহার এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে তথ্যভিত্তিক আলোচনা ও নীতিগত সুপারিশ প্রণয়নই এ আয়োজনের উদ্দেশ্য।
আলোচনায় বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, আঞ্চলিক বৈষম্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শিক্ষা, উদ্ভাবন, কৃষি, পরিবেশ সংরক্ষণ, পর্যটন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং স্থানীয় সম্পদের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রশ্নোত্তর পর্বে শাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুন্সী নাসের ইবনে আফজাল বাংলাদেশের উদ্ভাবন সক্ষমতা ও মুক্তবাণিজ্য নীতির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, সহজ আমদানি ব্যবস্থা দেশীয় শিল্প ও উদ্ভাবনকে নিরুৎসাহিত করছে কি না এবং নির্বাচিত কিছু খাতে সীমিত আমদানি নিয়ন্ত্রণ দেশীয় শিল্পায়নে সহায়ক হতে পারে কি না।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর তুলনামূলক সুবিধা তত্ত্বের আলোকে সিলেটের সম্ভাবনাময় খাত নিয়ে প্রশ্ন করেন। তিনি চা, রেমিট্যান্স ও পর্যটনের পাশাপাশি সিলেটের দেশীয় কমলালেবুসহ অনন্য প্রাকৃতিক সম্পদকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক পণ্য হিসেবে গড়ে তোলার নীতিগত উদ্যোগ সম্পর্কে জানতে চান।
একই বিভাগের শিক্ষার্থী তমা দাস সিলেটের বিভিন্ন জাতের কমলা ও লেবুর বাণিজ্যিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের জন্য টেকসই কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।
সংলাপে শিক্ষাবিদ, গবেষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুন্সী নাসের ইবনে আফজাল এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. তাসমিনা চৌধুরী তানিয়া।
আয়োজকদের মতে, এ ধরনের নীতিগত সংলাপ সিলেট অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, বাজেট বাস্তবায়নের কার্যকারিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাস্তবভিত্তিক নীতি প্রণয়নে সহায়ক হবে।
