সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও ৫০০ শয্যার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তিগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফসল সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলেও এক বছর ধরে হাসপাতালে কার্যক্রম চালু করা হচ্ছে না। এতে একদিকে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে জেলাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা বলেন, সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টের অভাবে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুতে বিলম্ব হওয়া সুনামগঞ্জ জেলার মানুষ মেনে নিবেনা। অবিলম্বে কলেজে পূর্ণাঙ্গ একাডেমিক ক্লাস এবং হাসপাতাল চালুর জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবি জানান তারা।

এতে বক্তব্য রাখেন – শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, শোয়েব আহমদ, মো. মশিউর রহমান, মো. তালেব হোসেন, বশির আহমদ, মো. শাহ আলম, রাফি মিজান, সোহাগ ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *