
ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন বাবা। বাবাকে বাঁচাতে এগিয়ে যান মা। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই আর ফেরানো যায়নি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কয়েক মুহূর্তের ব্যবধানে বিদ্যুতের স্পর্শে প্রাণ হারান বাবা, মা ও ছেলে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর এ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে । সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬০), তাঁর স্ত্রী (৫০) এবং ছেলে ফরহাদ (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন নুরুল আমিন। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে ফরহাদও কাজে সহযোগিতা করছিলেন। কাজের একপর্যায়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে উদ্ধার করতে গিয়ে নুরুল আমিন বিদ্যুতের সংস্পর্শে আসেন। পরে স্বামী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে নুরুল আমিনের স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় লোকজন দ্রুত তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াসিল উদ্দিন আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা, মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমারসিলেট/এমএসএস



