
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৮ আগস্ট বিমানবন্দরের আবাসিক এলাকার সরকারি কোয়ার্টার থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় তাঁর সহকর্মী ধনঞ্জয় কুন্ডু গত ৯ আগস্ট সিলেট বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী সোমবার জানান, ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফিরে এলেও আরিফুল্লাহ জেলিন আর দায়িত্বে যোগ দেননি। সর্বশেষ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার কোয়ার্টারে তাঁর অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল্লাহ জেলিনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তবে নিখোঁজ হওয়ার পর তিনি বাড়িতেও ফিরে যাননি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আরিফুল্লাহ জেলিনের সন্ধান পেলে ০১৭৩৬-৭৪২৭২৪ নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আমারসিলেট/এমএসএস



