যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনামগঞ্জের জগন্নাথপুর তথা পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন মির্জা মোহিনী রশীদ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ঐতিহ্যবাহী ইকড়ছই মির্জা বাড়ির কৃতি সন্তান।
মির্জা মোহিনী রশীদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান জুডিশিয়াল ডেলিগেট মির্জা মামুন রশীদের সুযোগ্য কন্যা।
বর্তমানে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের (ঘণচউ) অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ম্যানহাটন নর্থ নারকোটিক্স বিভাগে’ কর্মরত আছেন। এ বিভাগে তিনি মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমন এবং তার আওতাধীন এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করছেন।
নারকোটিক্স বিভাগে যোগদানের পূর্বে তিনি সফলতার সাথে ৩৪তম প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করেন। সেখানে মাঠপর্যায়ের টহল কার্যক্রমে অসাধারণ দক্ষতার পরিচয় দেয়ার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সাথে গভীর আস্থা, প্রীতি ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন।
এছাড়া তিনি ‘বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’-এর একজন গর্বিত ও সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
মির্জা মোহিনী রশীদের এ গৌরবময় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জনে তাঁর জন্মভূমি জগন্নাথপুর, ইকড়ছই মির্জা পরিবার এবং প্রবাসী বাংলাদেশি সমুদায়ে আনন্দের বন্যা বইছে। মেয়ের এই অনন্য অর্জনে মির্জা পরিবার অত্যন্ত গর্বিত। তাঁর এই ধারাবাহিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবার, আত্মীয়-স্বজন সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।



