জুলাই শহীদ রুদ্র সেন স্মরণে

১০ লাখ টাকার স্কলারশিপ ঘোষণা শাবিপ্রবি ভিসির

১০ লাখ টাকার স্কলারশিপ ঘোষণা শাবিপ্রবি ভিসির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে ‘শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ’ চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি জানান, এ স্কলারশিপের জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা সংরক্ষণ করা হবে এবং প্রতি বছর ১৮ জুলাই শহীদ রুদ্র সেনের শাহাদাতবার্ষিকীতে এটি প্রদান করা হবে।

 

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

 

উপাচার্য বলেন, “শহীদ রুদ্র সেনকে নিয়ে আমি অনেক আগেই পরিকল্পনা করেছি। আমরা ‘শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ’ চালু করতে চাই। শুরুতে বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হবে। প্রতি বছর ১৮ জুলাই এই স্কলারশিপ দেওয়া হবে। ভবিষ্যতে প্রয়োজনে ফান্ড সংগ্রহ করা হবে, আর তা সম্ভব না হলে বিশ্ববিদ্যালয় থেকেই অর্থায়ন অব্যাহত থাকবে।”

 

তিনি জানান, রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা শহীদ রুদ্র সেনের স্মৃতি স্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ করবেন।

 

উপাচার্য আরও বলেন, রুদ্র সেনের নামে নামকরণ করা লেকের সৌন্দর্যবর্ধন, একটি স্থায়ী স্মৃতিফলক নির্মাণ এবং অন্যান্য স্মারক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর দ্রুত এসব কাজ শুরু করা হবে।

 

রুদ্র সেনের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় তাদের আর্থিক সহায়তা দিতে চাইলেও পরিবার অত্যন্ত বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। পরিবারের এই মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, “তারা বলেছেন, সরকার ও বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের যথেষ্ট সম্মান দিয়েছে, অতিরিক্ত আর্থিক সহায়তার প্রয়োজন নেই। এমন মানসিকতা সত্যিই বিরল।”

 

বক্তব্যে উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রুদ্র সেনসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে আশ্বাস দেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১