নিম্নমানের ও ত্রুটিপূর্ণ কাঠের দরজা সরবরাহ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকার একটি কাঠের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে বাঁকা, নিম্নমানের ও ত্রুটিপূর্ণ কাঠ বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল সহযোগিতা করে।
মোহাম্মদ আরিফ মিয়া জানান, সোবহানীঘাট এলাকার মেসার্স দি চট্টগ্রাম ডোর এন্ড ফার্নিচারের বিরুদ্ধে ডা. আফরাহুল ইসলাম নামে এক গ্রাহক লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটিতে নির্দিষ্ট ধরনের কাঠ ও ডিজাইনের দরজার অর্ডার দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করা হয়নি। এর পরিবর্তে নিম্নমানের, বাঁকা এবং ত্রুটিপূর্ণ কাঠের দরজা সরবরাহ করা হয়েছে।
ওই অভিযোগের ভিত্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানের মালিককে আগামী সাত কার্যদিবসের মধ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।



