কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ

মৌলভীবাজারের কুলাউড়ায় মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে কর্মবিরতি ও গণবিক্ষোভ করেছে দিলদারপুর চা-বাগানের শ্রমিকরা।

শনিবার (৮ জুলাই) সকালে প্রায় ২ ঘন্টা কাজে যোগদান না করে শ্রমিকরা এই কর্মসূচী পালন করেন।

জানা যায় জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি অবিলম্বে কার্যকর, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ করাসহ বেশ কয়েকটি দাবি নিয়ে কর্মবিরতি ও গণবিক্ষোভের ডাক দেয় দিলদারপুর চা-বাগানের চা-শ্রমিকরা। এতে চা-বাগানের শতাধিক শ্রমিক ও নেতারা অংশ নেন।

বাগান পঞ্চায়েত এডহক কমিটির সভাপতি সিতারাম কলের সভাপতিত্বে এবং বিকাশ পালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংস্কার কমিটির সদস্য সচিব জনক লাল দেশোয়ারা জনি, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নারী ফোরামের নেত্রী গীতা রাণী কানু, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি বিকাশ চাষা, ক্লিবডন চা বাগানের শ্রমিক নেতা অজিত গোয়ালা, দিলদারপুর চা-বাগানের নারী শ্রমিক পঞ্চমী ভূমিজ, পূরবী রায়, পপি রিখিয়াপন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শ্রম অধিদপ্তরের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। তারা বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তা চা শিল্পের জন্যও ক্ষতিকর হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মবিরতি দিয়ে তারা আন্দোলনে সক্রিয় থাকবেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩