ওসমানীনগরে দুর্ঘটনা

সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

সিলেটের ওসমানীনগরে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে এই দুই বাসের মালিক ও চালককে পাঁচ দিনের মধ্যে বিআরটিএ কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে দুর্ঘটনার ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শনিবার রাতে এসব তথ্য জানিয়েছেন বিআরটিএর সিলেটের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে দুই বাসের চালক এবং মালিকদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

এদিকে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। শনিবার দুপুরে গঠিত এ কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আর সকালে ওসমানী হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে মহাসড়কে বেপরোয়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। এসময় হতাহতদের পরিবাররকে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

মন্ত্রী জানান, বিআরটিএর পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া পঙ্গুত্ব বরণকারীদের পরিবারকে তিন লাখ টাকা এবং আহতদের এক লাখ টাকা করে দেওয়া হবে।

এ ব্যাপারে বিআরটিএর সিলেটের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ বলেন, আমাদের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত পরিবারগুলোর আবেদনের প্রেক্ষিতে শিগগিরই তাদেরকে এ অর্থ দেওয়া হবে। পঙ্গুত্ব বরণকারী এবং আহতদের আবেদন ফরম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের আবেদনগুলোও যথাযথভাবে মূল্যায়ন করে সহায়তা দেওয়া হবে।

বিআরটিএ সিলেট কার্যলয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ইউনিক পরিবহন (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) এবং সিলেটগামী বেঙ্গল পরিবহনের (রেজি নং ঢাকা মেট্রো -ব-১২-৫৯৮৭) সংঘর্ষে নারী-শিশুসহ নয় জনের মৃত্যু হয়। এ ঘটনায় সিলেট বিআরটিএর পক্ষ থেকে বাস দুটির রেজিস্ট্রেশন বাতিলের জন্য ঢাকা মেট্রোতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের সময় মহাসড়কের ওই অংশে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি কিংবা চালকের ঘুমিয়ে পড়ার মতো বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনও কারণকেই চূড়ান্ত বলা যাচ্ছে না। তদন্ত কমিটি দুর্ঘটনার সময়কার পরিস্থিতি, বাস দুটির চলাচল, চালকদের ভূমিকা এবং সড়কের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপর দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারও দায় থাকলে তা প্রতিবেদনে তুলে ধরা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩