অপরাধ দমনে কঠোর হবে পুলিশ

সিলেট মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।

সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও বাণিজ্যবান্ধব পরিবেশ বজায় রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ নিজ নিজ এলাকার সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে— মার্কেট ও শপিংমলগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন, অবৈধ সিএনজি অটোরিকশা, লেগুনা ও ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ, রাতের বেলায় পুলিশের টহল বাড়ানো, ব্যবসায়ী ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অনুমতিবিহীন মেলা বন্ধ করা এবং মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ব্যবসায়ীদের প্রতিটি মতামত মনোযোগসহকারে শোনেন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, “সব ধরনের অপরাধ দমনে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান ও তদারকি বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি তিনি ব্যবসায়ীসহ সিলেট মহানগরের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।”

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন): মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি): মো. আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম): মো. রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন): সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন): মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি): মোঃ আফজাল হোসেনসহ এসএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট শাখা, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট ও বাজার কমিটির প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য সুধীজন সভায় উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩