সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের উন্নত পুষ্টি নিশ্চিত করা এবং পরিবারগুলোকে স্বাস্থ্যকর পুষ্টি চর্চায় উদ্বুদ্ধ করতে “স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় নির্বাচিত পুষ্ট শিশুর মা, পরিচর্যাকারী ও শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এডিপির সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নির্বাচিত ৪০জন শিশুর পরিবারের সদস্যদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এডিপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার পাবেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাহিরপুর সদর ইউপি প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম বলেন, একটি শিশুর সুস্থ বেড়ে ওঠার ভিত্তি গড়ে ওঠে সঠিক পুষ্টি ও যত্নের মাধ্যমে। এমন আয়োজন অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এডিপির প্রোগ্রাম অফিসার মহসিন খান বলেন, শিশুদের সঠিক যত্ন শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবারের সবাইকে পুষ্টিকর খাদ্য, পরিচ্ছন্নতা ও নিয়মিত স্বাস্থ্যসেবার বিষয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতার মাধ্যমে আমরা পরিবারগুলোকে ভালো পুষ্টি চর্চায় উৎসাহিত করার চেষ্টা করছি।
আমারসিলেট/হা



