মন্ট্রিয়লে বাংলাদেশ ডে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কানাডার মন্ট্রিয়লে গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটির উদ্যোগে বাংলাদেশ ডে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই নগরীর ৫৩৬৬ কোত দে ন্যাজ স্ট্রিটের একটি অডিটোরিয়ামে নানা কর্মসূচির মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

সংগঠনটির উদ্যোগে এটি ছিল দ্বিতীয় বাংলাদেশ ডে প্যারেড। বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

বাংলাদেশ ডে প্যারেডে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ, কানাডা ও কুইবেকের পতাকা হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন। প্যারেডে বিশ্বশান্তি, প্রগতি, মানবিকতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তির আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী। তিনি একাধিক জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে কানাডার কনজারভেটিভ দলের সাংসদ ল্যুক বার্থোল্ড এবং স্থানীয় সিটি কাউন্সিলর মেলানি থিয়েরাজা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করে।

বাংলাদেশ ডে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক শামীমুল হাসান। তবে বিশেষ প্রয়োজনে মন্ট্রিয়লের বাইরে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে আয়োজক সংগঠনের সভাপতি ইশরাত আলম প্রধান অতিথির শুভেচ্ছা বার্তা উপস্থিতদের কাছে পৌঁছে দেন।

ইশরাত আলম তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি উদার, মানবিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান সফল করতে তাঁর টিমের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, ড. শিশির ভট্টাচার্য এবং সি ভি সিংহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বাণীসহ কয়েকজন বিশিষ্ট লেখকের লেখা স্থান পায়।

মেলার আদলে অডিটোরিয়ামে শাড়ি, গয়না ও খাবারের বিভিন্ন স্টলও বসানো হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুমন ও নিশা।

গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি বা GA3VH বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ ডে প্যারেডের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজক ও কমিউনিটির বিশিষ্টজনরা।

তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু আনন্দ ও উৎসবের উপলক্ষ নয়, বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি কানাডার মূলধারার মানুষের কাছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার একটি কার্যকর মাধ্যম। শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক আয়োজন তাদের বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও শিকড় সম্পর্কে জানতে উৎসাহিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

কমিউনিটির বিশিষ্টজনরা সংগঠনের সভাপতি ইশরাত আলমের অসুস্থতার মধ্যেও সংগঠন পরিচালনা এবং এত বড় আয়োজন সফল করার জন্য তাঁর শ্রম, মেধা ও প্রচেষ্টার প্রশংসা করেন। তাঁদের মতে, তাঁর নেতৃত্বে এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩