হুমকিতে বসতবাড়ি, সড়ক ও ফসলি জমি প্রশাসনের দ্রুত অভিযান দাবি

গোয়াইনঘাট উপজেলার বাংলাবাজার বালুমহালের ইজারার নির্ধারিত সীমানার বাইরে শক্তিশালী ৮-সিলিন্ডার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও এখন পর্যন্ত প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাবাজার বালুমহালের নির্ধারিত ইজারা এলাকার বাইরে বালির হাওর থেকে শক্তিশালী মেশিন দিয়ে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। পরে বাল্কহেডের মাধ্যমে এসব বালু বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী বিভিন্ন বসতবাড়ি, সড়ক, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, অব্যাহতভাবে এভাবে বালু উত্তোলন করা হলে নদীর তীর ও আশপাশের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের ভাঙন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হতে পারে।

 

স্থানীয়দের আরও অভিযোগ, ইজারার নির্ধারিত সীমানার বাইরে থেকে উত্তোলন করা বালুর ক্ষেত্রেও রয়্যালটি, ইঞ্জিন ট্যাক্স, ইউনিয়ন ট্যাক্স এবং ভিআইডব্লিউডি (VIWD)সহ বিভিন্ন নামে অর্থ আদায় করা হচ্ছে। ইজারার বাইরে উত্তোলিত বালুর ক্ষেত্রে এসব অর্থ কীভাবে এবং কোন নিয়মে আদায় করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

 

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, “ইউএনও মহোদয়ের নির্দেশনা পেলে আমরা অভিযান পরিচালনা করব।”

 

স্থানীয় বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত অভিযান পরিচালনা, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদী, পরিবেশ, বসতবাড়ি ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩