সুনামগঞ্জের তাহিরপুরে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির তৃতীয় ও শেষ কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এ সহায়তা বিতরণ করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। এ সময় প্রতিটি কৃষক পরিবারকে ১৫ কেজি চাল এবং নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন মাসব্যাপী এ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এর আগে দুই দফায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার তৃতীয় ও শেষ কিস্তির সহায়তা প্রদান করা হয়।
তাহিরপুর সদর ইউনিয়নে মোট ১ হাজার ৮৮৯ জন ক্ষতিগ্রস্ত কৃষক এ কর্মসূচির আওতায় রয়েছেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৯ হাজার ১৫৯ জন কৃষক পর্যায়ক্রমে এ সহায়তা পেয়েছেন।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে হাওরাঞ্চলের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষকদের পাশে থেকে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করাই আমাদের লক্ষ্য।



