মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নামে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়।
জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী। তার বাড়ি কুলাউড়ায়। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনভার্সিটির ছাত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট শনিবার সকালে তিনি বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন।
স্থানীয় শহিদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুরো কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করার পর তা পুলিশের নজরে আসে।
এরপর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।জান্নাতুলের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি নিয়মিতই বঙ্গবন্ধুর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের ছবি পোস্ট করেন।
এছাড়া আওয়ামী লীরে পক্ষে ও বর্তমান সরকারের সমালোচনায় ফেসবুকে সরব রয়েছেন তিনি।কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



