শ্রীমঙ্গলে ভোক্তা অধিকারের জরিমানার রায়ে অসন্তুষ্ট ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকারের জরিমানার রায়ে অসন্তুষ্ট ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে ‘মরা মুরগি বিক্রির’ অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ‘ফ্যামিলি বাজার’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক মাসুমুর রশিদ (মাসুম)। তার দাবি, প্রতিষ্ঠানটিতে মরা মুরগি বিক্রি করা হয় না। বরং অতিরিক্ত গরমে মারা যাওয়া মুরগি বিক্রয়যোগ্য মুরগি থেকে আলাদা করে বর্জ্য হিসেবে রাখা হয়। পরে কেউ কেউ কুকুর বা চিড়িয়াখানার পশুর খাবারের জন্য সেগুলো নিয়ে যান।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাত নয়টার দিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি করেন মাসুমুর রশিদ। তিনি বলেন কথিত অভিযোগকারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কম দামে মুরগি নেওয়ার চেষ্টা করার পর তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।

মাসুমুর রশিদ বলেন শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে তার প্রতিষ্ঠানটি প্রায় ২৫ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে। সেখানে ব্রয়লার, কক,ডিম ও প্রক্রিয়াজাত মাংস বিক্রি করা হয়। গত ১৩ আগস্ট মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে শুনানি শেষে মরা মুরগি বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন। তবে জরিমানার সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সম্প্রতি এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তার প্রতিষ্ঠানে এসে বাজারমূল্যের চেয়ে কম দামে মুরগি নেওয়ার চেষ্টা করেন। পরে একদিন কর্মচারীদের কাছে ১২০ টাকায় তিনটি মরা মুরগি বিক্রি করার প্রস্তাব দেন। কর্মচারীরা তাকে জানিয়ে দেন,এখানে মরা মুরগি বিক্রি করা হয় না। অতিরিক্ত গরম বা বিরূপ আবহাওয়ার কারণে প্রতিদিন একটি-দুটি মুরগি মারা গেলে সেগুলো বিক্রয়যোগ্য মুরগি থেকে আলাদা স্থানে রাখা হয়।

মাসুমুর রশিদের ভাষ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোটিশের পর প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি নির্ধারিত সময়ে কার্যালয়ে হাজির হন। সেখানে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। ফুটেজে এক ব্যক্তিকে দিনের বেলায় প্রতিষ্ঠানে এসে মরা মুরগি আছে কি না জানতে এবং তিনটি মরা মুরগি ১২০ টাকায় কেনার প্রস্তাব দিতে দেখা যায়। তবে কর্তৃপক্ষ তার ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে ১৩ আগস্ট তাকে আবার হাজির হতে বলেন। পরে ওই দিন ভিডিও ফুটেজের ভিত্তিতে প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি থেকে ‘ফ্যামিলি বাজারে মরা মুরগি বিক্রি হয়’—এমন প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন মাসুমুর রশিদ। তার দাবি, এতে দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রায় ছয় মাস আগের আরেকটি ঘটনাও তুলে ধরেন। তার ভাষ্য এক ব্যক্তি সন্ধ্যায় বস্তাভর্তি মাংস এনে তার প্রতিষ্ঠানে বিক্রির প্রস্তাব দেন। প্রতিষ্ঠান থেকে বস্তাবন্দী মাংস কেনাবেচা করা হয় না জানিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে বস্তা খুলে দুর্গন্ধযুক্ত ও খাবারের অনুপযোগী মাংস দেখতে পান। মাংস নিয়ে আসা ব্যক্তি সেখান থেকে চলে গেলে পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে খোঁজা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানান মাসুমুর রশিদ।

তার অভিযোগ, ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রতিদ্বন্দ্বীরা পরিকল্পিতভাবে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন গণমাধ্যমকর্মীদের জানান ফ্যামিলি বাজার থেকে মরা মোরগ বিক্রির তথ্য-প্রমাণ পাওয়ার ভিত্তিতেই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। কেউ কুকুর কিংবা চিড়িয়াখানার পশুর খাদ্যের জন্য মরা মোরগ নিয়ে গেলেও তারিখসহ রেজিস্টারে তা সংরক্ষণ করা প্রয়োজন বলে জানান তিনি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬