সিলেটের বিশ^নাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার থানা পুলিশ বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই থানার পুলিশ অভিযান চালিয়ে নয়ম মিয়া (২২) নামের এক আসামি কে গ্রেপ্তার করেছে। সে উপজেলার জানাইয়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে উপজেলার অজ্ঞাত স্থানে বিশ^নাথ উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পরবর্তীতে মিছিলটির ভিডিও এবং স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল করা এবং পরবর্তীতে সেটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিশ^নাথ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
বিশ^নাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ মামলার ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করা ও নাশকতার পরিকল্পনার সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে।



