সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১০ জনের পর আবারও প্রাণ গেল ৪ জনের!
অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায়।
নিহতরা হচ্ছেন, সিলেটের ওসমানীনগর থানার শেরপুর মাঝেরবাড়ী গ্রামের মোঃ ফরিদ মিয়ার পুত্র মোঃ লালন মিয়া (২৬), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার শ্রীরামশী মৃত গফুর মিয়ার পুত্র মোঃ নিয়ামত (৪৫), শ্রীরামশী গ্রামের গুল মোহাম্মদের মেয়ে উসুফা বেগম (৩০), একই গ্রামের মৃত নিয়ামত মিয়ার মেয়ে আয়সা আক্তার (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশায় সাত জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা আহত পাঁচ থেকে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চার জন মারা গেছেন এবং পরে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ১০ জন নিহত হন। এর ১৫ দিনের মাথায় একই মহাসড়কে আবার প্রাণহানির ঘটনা ঘটল।



