মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুড়া হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি ও ভালো ফলাফলের লক্ষ্যে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হকের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য ও বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল ইসলাম শাহীন, সাবেক সদস্য লুৎফুর রহমান, সাহাবউদ্দিন, পারভেজ আহমদসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ে পাঠদান করলেই শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব নয়। এর পাশাপাশি বাড়িতেও পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও অপ্রয়োজনীয় আড্ডা থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো শিক্ষার্থী যেন বিনা কারণে বিদ্যালয়ে অনুপস্থিত না থাকে, সে বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নজর রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতি মাসে অন্তত একবার অভিভাবকদের বিদ্যালয়ে এসে শ্রেণিশিক্ষকের কাছ থেকে সন্তানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া পড়াশোনার সময় শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, আড্ডা ও অন্যান্য বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত সকল অভিভাবককে ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।



