সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়; সাহিত্য মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধ নির্মাণেরও শক্তিশালী মাধ্যম। আমাদের কবিতা যেন মানুষকে বিভক্ত না করে, ঐক্যবদ্ধ করে; হতাশ না করে, আশাবাদী করে; অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস জোগায়। কবিতার প্রতিটি শব্দ হোক একটি আলোর শিখা, প্রতিটি পঙ্ক্তি হোক মানবতার পক্ষে একটি উচ্চারণ। রাসূলুল্লাহ সা.এর আদর্শ অনুসরণ করে কবি-সাহিত্যিকদের তাঁদের প্রতিভাকে সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
সিলেটের সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৮৪তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।
২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথাসাহিত্যিক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন অমিত মামুন ও কবি এস এম নজরুল ইসলাম তালুকদার।
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন হামিদ। স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন এ বি এম হাসান চৌধুরী, আতাউর রহমান বঙ্গী, কামাল আহমদ, মিলন কান্তি দাস, হুসাইন হামিদ, লবিদ হোসেন, কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল ও লিলু মিয়া।