মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে।
এর ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে কয়েকজন চোরাকারবারি পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করে বিজিবি। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক বলাই দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আমারসিলেট/হা



