হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার লালটিলা হরহরিয়া এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সায়েদ উপজেলার চারগাঁও গ্রামের আজমদ মিয়ার ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো লালটিলা এলাকার নিজের মোরগের খামারের কাজকর্ম শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন সায়েদ। পথে লালটিলা নির্জন এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মোবাইল নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের মুল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *