হবিগঞ্জে ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

হবিগঞ্জে ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সাইবার নিরাপত্তা আইন ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ এলাকার নিতাইরচক গ্রামে রাত ৮ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার বাড়িটি ছাত্রলীগ নেতা এনামুল হক নাদিরের। তিনি বর্তমানে দেশের বাইরে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর মডেল থানার জি.আর. মামলা নং- ১২০/২০২৫ (থানার মামলা নং- ১৫, তারিখ- ২২/০২/২০২৬) মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হয়েছে। মামলাটি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২২/২৫(২)/২৭/২৯/৩১ ধারা, দণ্ডবিধির ১২৪ক/১৩৫ক/৫০০/৫০১/৫০৫(ক) ধারা এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ [সংশোধিত ২০১৩]-এর ৬(২) ধারায় করা হয়।

সম্প্রতি হবিগঞ্জের ৪র্থ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই ওয়ারেন্ট জারি করেন। ওয়ারেন্টে উল্লিখিত আসামি হলেন এনামুল হক নাদির, পিতা- মো. শামছুল হক তালুকদার, সাং- নিতাইরচক, পো.- ফকিরাবাদ, থানা- হবিগঞ্জ সদর। আদালতের আদেশে আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ওয়ারেন্ট জারির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় কিছু ব্যক্তি সংঘবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের হুমকি দেয়। তাদের দাবি, হামলাকারীরা ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী।

ভুক্তভোগী পরিবার আরো জানায়, হামলার সময় বাড়িতে এনামুল হক নাদিরের শতবর্ষী বৃদ্ধা দাদি (বয়স ১০০ বছরের বেশি) এবং শিশুসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। অতর্কিত হামলা ও ভাঙচুরে শিশুসহ পরিবারের সবাই চরম আতঙ্কে রয়েছেন। বৃদ্ধা দাদি ও শিশুরা ভয়ে কান্নাকাটি করছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হাসান বলেন, “গ্রেপ্তারি ওয়ারেন্টের কপি থানায় এসেছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। বাড়িতে হামলা-ভাঙচুরের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতা রাজীব আহমেদ রিংগন ও গোলাম মাহবুব। তারা বলেন, “ছাত্রলীগ নেতা এনামুল হক নাদির দেশের বাইরে থেকে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বাজে লেখালেখি করে। সে এখন পলাতক। তার দলের লোকজনই এ ঘটনা ঘটিয়ে উল্টো ছাত্রদলের ওপর দোষ চাপাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত ওই ছাত্রলীগ নেতাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে শাস্তির দাবি জানাচ্ছি।”

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১১:৫৬
  • ৪:২৪
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৩৩