বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। দলীয় পতাকা হাতে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের নতুন পথে এগিয়ে যাচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলা সদরে উপজেলা বিএনপির উদ্যোগেও কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-যুগ্ম সম্পাদক আনিসুল হক।



