মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজার পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় উপাদানযুক্ত বিদেশি মদসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মৌলভীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরিরচর এলাকার বাসিন্দা বিজয় মোদক (২৫) এবং সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা বিপুল দেব (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, শহরের পুরাতন হাসপাতাল রোডের ‘দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টারে’র সামনে এক ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিজয় মোদককে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল ‘রয়েল গ্রেইন হুইস্কি’ উদ্ধার করা হয়।

পরবর্তীতে বিজয় মোদককে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, মৌলভীবাজার পৌরসভার পশ্চিমবাজার খেয়াঘাট রোডের ‘সাকের ও জালাল ভবনে’র তিন তলায় অবস্থিত ‘মা দুর্গা শঙ্খ ভান্ডারে’র গোডাউনে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ বিদেশি মদ মজুত রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি ওই গোডাউনে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে গোডাউনের মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করে। এরপর তাঁদের দুজনের দেখানো স্থান অনুযায়ী গোডাউনে তল্লাশি চালিয়ে ক্যারেট ও ট্রাংক থেকে আরও ১০ বোতল ‘রয়েল গ্রেইন হুইস্কি’, ১৫ বোতল ‘রয়েল স্ট্যাগ হুইস্কি’ এবং ১৪ বোতল ‘ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোডকা’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৪৫ বোতল মদের প্রতিটির পরিমাণ ৩৭৫ মিলিলিটার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বিপুল দেব ও বিজয় মোদক স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে নিয়ে আসতেন এবং পরস্পরের সহায়তায় মৌলভীবাজার শহরসহ বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩