ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম আগামী ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সফর করবেন। দিনব্যাপী সফরে তিনি কুলাউড়া ও ব্রাহ্মণবাজারে কয়েকটি সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
আয়োজকদের দেওয়া কর্মসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দিন আহমেদের ব্যক্তিগত আমন্ত্রণে সাদিক কায়েমের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরের শুরুতে কুলাউড়ায় এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
এরপর কুলাউড়া উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় ডাকবাংলো মাঠে আয়োজিত ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
কর্মসূচির পরবর্তী অংশে বাদ আসর ব্রাহ্মণবাজারে একটি ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের শেষ কর্মসূচি হিসেবে বাদ মাগরিব ব্রাহ্মণবাজারে আয়োজিত আরেকটি ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন তিনি।
আয়োজকেরা জানিয়েছেন, সাদিক কায়েমের সফরকে কেন্দ্র করে কুলাউড়ার ছাত্রসমাজ ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। সফরটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।



