দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসায় সিতাব-সুরাইয়া স্মৃতি শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শিক্ষাবৃত্তি বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদরাসার হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান হুমাইদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি বৃত্তি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায়, তাকে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে এবং ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যেতে সাহস জোগায়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে তারা অর্থনৈতিক সংকট কাটিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পায়। একই সঙ্গে সমাজে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে এবং ঝরে পড়ার হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেধাবীদের পাশে দাঁড়ানো, তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা এবং শিক্ষার আলোকে আরও বিস্তৃত করার লক্ষ্যে শিক্ষাবৃত্তি কার্যক্রম চলমান রাখায় তিনি সিতাব-সুরাইয়া স্মৃতি শিক্ষাবৃত্তির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: মোহাম্মদ আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আক্কাস আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান হুমাইদী।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মঈনুদ্দীন আহমদ, সিতাব-সুরাইয়া স্মৃতি শিক্ষাবৃত্তির পৃষ্ঠপোষক ডা. সাইফুল আলম মালেক, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রফিকুস সামাদ চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ বৃত্তি কার্যক্রমের আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হওয়ার পাশাপাশি ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভা শেষে মাদরাসার ১৬৭ জন শিক্ষার্থীর মাঝে দুই লক্ষ আটাশ হাজার একশত টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।



