জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে তা গ্রহণ করা হয়।

সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মো. নুরুল ইসলাম (১১০ বরগুনা-২), বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ-সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হোক।’

কমিটির সভাপতি এম. নাসের রহমান ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।

সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, মন্ত্রণালয়ের কাজের জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় নাসের রহমানের সংসদীয় কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এবার জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্বও পেলেন নাসের রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *