বাড়ি দখলের গুজব, যা জানালেন দিলারা জামান

সম্প্রতি সামাজিক মাধ্যমে বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের নামে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, বাবার কাছ থেকে পাওয়া জমিতে বাড়ি নির্মাণের পর দেনা শোধ করতে সেটি ভাড়া দিয়েছিলেন। পরে ভাড়াটে ভাড়ার টাকা না দিয়ে বরং একপর্যায়ে বাড়িটি দখল করে নেয়। বর্তমানে তিনি একটি ছোট বাসায় ভাড়া থাকেন এমন দাবিও করা হয়। আর এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন দিলারা জামান। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ফটোকার্ডে উল্লেখ করা ঘটনার সঙ্গে বাস্তবতার মিল থাকলেও সেটি প্রায় দুই যুগ আগের। বর্তমানে তিনি কোনো ভাড়া বাসায় থাকেন না; নিজের কেনা ফ্ল্যাটেই বসবাস করছেন।

সামাজিক মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করে দিলারা জামান বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

অভিনেত্রী জানান, ঢাকার শ্যামলী এলাকার সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। ২০০৩-২০০৪ সালের দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সেখানে থাকা পৈতৃক বাড়িতে বসবাস করতেন। সে সময় বাড়িটি দখলের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে সংবাদপত্রেও প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে এবং পরে বাড়ি দখলের সেই পরিস্থিতি আর এগোয়নি।

পরবর্তী সময়ে শ্যামলীর ওই পুরোনো সম্পত্তি বিক্রি করে দেন দিলারা জামান। ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে আসেন তিনি। সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে বসবাস শুরু করেন।

বর্তমান আবাসন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২-২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’

দিলারা জামান আরও জানান, তার দুই মেয়ে বর্তমানে দেশের বাইরে থাকেন। কাজের ফাঁকে মাঝেমধ্যে তাদের কাছে গেলেও আগের তুলনায় এখন বিদেশে যাতায়াত অনেক কমে গেছে। অভিনয় নিয়েই তার ব্যস্ততা বেশি। তাই স্থায়ীভাবে দেশের বাইরে থাকারও কোনো পরিকল্পনা নেই তার।

তিনি বলেন, ‘এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা, আর উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকি।’

দুই দশকের বেশি পুরোনো একটি ঘটনা হঠাৎ করে বর্তমান সময়ের ঘটনা হিসেবে সামাজিক মাধ্যমে কেন ছড়িয়ে পড়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রীও। তার ভাষায়, ‘হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩