সুনামগঞ্জের বারেকটিলায় চান্দের গাড়ি খাদে, নারী-শিশুসহ আহত ১৫

সুনামগঞ্জের বারেকটিলায় চান্দের গাড়ি খাদে, নারী-শিশুসহ আহত ১৫

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী পর্যটন স্পট বারেকটিলায় যাত্রীবাহী চান্দের গাড়ি (স্থানীয়ভাবে পরিচিত) খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে টিলার নিচ থেকে উপরে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রথমে স্থানীয়ভাবে বাদাঘাট ও বড়ছড়া এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ওয়ার্ড সদস্য কফিল উদ্দিন জানান, শনিবার দুপুর ২টার দিকে বড়ছড়া থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি চান্দের গাড়ি বারেকটিলার উপরে উঠছিল। এ সময় ঝুঁকিপূর্ণ সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা প্রায় ১৫ জন পর্যটক আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুসহ অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, বারেকটিলার এই ঝুঁকিপূর্ণ সড়কে যারা চান্দের গাড়ি চালান, তাদের অনেকেই পেশাদার চালক নন। কয়েকদিন হেলপারের কাজ করার পরই তারা গাড়ি চালানো শুরু করেন। স্থানীয়রা বারবার নিষেধ করলেও তারা তা মানছেন না। মোটরসাইকেল ও চান্দের গাড়ির যাত্রীদের টিলার নিচে নামিয়ে দিয়ে হেঁটে উপরে ওঠার ব্যবস্থা করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় ব্যবসায়ী হুমায়ূন কবির বলেন, বারেকটিলার এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে এ ধরনের ভারী যান চলাচল উপযোগী নয়। দুর্ঘটনায় আহত কয়েকজন নারী ও শিশুর অবস্থা খুবই খারাপ।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, শুনেছি একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে কয়েকজন পর্যটক আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ধরনের গাড়ি কোন ভাবেই এই রাস্তায় দিয়ে চলাচলের অনুপযোগী না। যারা চালায় তারাও পেশাদার চালক না। বার বার নিষেধ করলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ ধরনের গাড়ি চালায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫