সুনামগঞ্জের তাহিরপুর সদর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের সন্ধান যুব ফোরাম’। বাজারকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সংগঠনটির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর সদর বাজারের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় বাজারের বিভিন্ন সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানে অংশ নেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, বিএনপি নেতা আতিকুর রহমান আতিক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম এবং ছাত্রদল নেতা জানে আলম আবির, আবুল হাসনাত রাহুল প্রমুখ।
এ সময় ‘স্বপ্নের সন্ধান যুব ফোরাম’র সভাপতি আযহা মিয়া, সহসভাপতি মোকশিনা আক্তার, সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, প্রচার সম্পাদক রাশিয়া বেগমসহ মানিক, বাবলু ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর সমাজের অন্যতম শর্ত। বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শুধু সংগঠন নয়, ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।



