হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান ছাড়বে না বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর।
তার মতে, তেহরান এখন এই সমুদ্রপথকে কৌশলগত প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে দেখছে।
মিডল ইস্ট ইনস্টিটিউটের ফেলো আইর আল-জাজিরাকে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ঠেকানোই ইরানের নেতৃত্বের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের একমাত্র উপায় হিসেবে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে দেখছে।
তিনি বলেন, এই নিয়ন্ত্রণ ইরান দর-কষাকষির কোনো বিনিময় হিসেবে ছাড়বে না।
আইরের মতে, বিশ্ব অর্থনীতির ক্ষতি সীমিত রাখতে চাইলে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে অন্তত স্বল্প মেয়াদে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ মেনে নিতে হতে পারে।
তিনি আরো বলেন, কূটনীতির কেন্দ্র এখন ওয়াশিংটন থেকে উপসাগরীয় দেশগুলো ও ইরাকের দিকে সরে যাচ্ছে।
তার ভাষ্য, প্রয়োজনীয় মাত্রার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় যুক্তরাষ্ট্র এখন ‘অনিচ্ছুক এবং অক্ষম’।



