মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৯) নামের এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত প্রায় ১২ টার দিকে মুন্সিবাজার টু মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণী রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।
আহতরা হলেন,হাফিজা বেগম (১৯), লিপন মিয়া (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক শুভ চন্দ।
জানা যায়,বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার থেকে ফেরার পথে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রুমালির মৃত্যু হয়।



