ওসমানীনগরে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের মাছুখালী নদী থেকে আব্দুল ওয়াহিদ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার মরদেহ দেখতে পান।

নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের মৃত শমশুর উল্লাহর বড় ছেলে। স্থানীয়রা জানান, তিনি মানসিকভাবে প্রতিবন্ধী ও অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার নানার বাড়িতে যান। পরে রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার দুপুরে মাছুখালী নদীতে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় পানিতে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের মামাতো ভাই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল ওয়াহিদের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়রা বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই এমদাদুর রহমান বলেন, ‘আব্দুল ওয়াহিদ মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তিনি খুবই সহজ-সরল মানুষ ছিলেন। খছরুপুর বাজারে বিভিন্ন সময় ডং-তামাশা করে সময় কাটাতেন। তার এভাবে চলে যাওয়া আমাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের।’

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১