সিলেট নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিলেট -তামাবিল রোডের নাইওরপুল পয়েন্টে প্রতিদিন সন্ধ্যার পর দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নাইওরপুল, বন্দর, কুমার পাড়া, মীরা বাজার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি।
স্থানীয় ব্যবসায়ী, চালক ও ট্রাফিক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই যানজটের প্রধান কারণ বিভিন্ন ধরনের বাস বিশেষ ভাবে বড়ো বাসের অবৈধ প্রবেশ।
অভিযোগ রয়েছে, হুমায়ুন রশিদ চত্বর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বাইপাস সড়ক থাকা সত্ত্বেও বিভিন্ন রুটের অনেক বাস নাইওরপুল পয়েন্টের ভেতর দিয়ে নগরীতে প্রবেশ করে। এছাড়া অনেক বাস একই ভাবে এই রোড দিয়ে নগরী থেকে বের হয়। একটি ৪০-৪৫ আসনের বড় বাস যখন নাইওরপুলের সরু মোড়ে টার্ন নেয়, তখন পুরো পয়েন্ট ১০ থেকে ১৫ মিনিটের জন্য অচল হয়ে পড়ে। এর পেছনে আটকা পড়ে শত শত সিএনজি, প্রাইভেট কার ও রিকশা। সন্ধ্যাকালীন পিক আওয়ারে নিয়মিত ট্রাফিক পুলিশের পর্যাপ্ত উপস্থিতি না থাকা এধরণের যানজটের একটি বড়ো কারণ।
নাইওরপুলের এক ফার্মেসি ব্যবসায়ী বলেন, প্রতিদিন সন্ধ্যায় দোকানের সামনে এমন জ্যাম লাগে যে ক্রেতা আসতে পারে না। হর্নের শব্দে থাকা যায় না। জনৈক সিএনজি চালক বলেন, নাইওরপুল থেকে বন্দর বাজার ও জিন্দাবাজার ৫/১০ মিনিটের রাস্তা। সন্ধ্যায় ১৫ মিনিট লাগে। কিন্তু বড়ো বাস ঢুকলেই সব শেষ।
স্থানীয়দের দাবি, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নাইওরপুল পয়েন্টে দূরপাল্লার বড় বাস প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং বাসগুলোকে বাধ্যতামূলকভাবে বাইপাস সড়ক ব্যবহারে বাধ্য করতে হবে।
