সুনামগঞ্জের শান্তিগঞ্জে মানবিক কাজে অবদান রাখা স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা জানিয়েছে ‘সুলতানপুর ব্লাড টিম’। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহের সভাপতিত্বে এবং রুয়েল আহমদের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসিত সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া, শান্তিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল হক এবং সুলতানপুর ব্লাড টিমের প্রতিষ্ঠাতা সভাপতি শামিম আহমদ।
প্রধান ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি অত্যন্ত মহৎ ও মানবিক কাজ। একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদাতার ভূমিকা অপরিসীম।
রক্তদাতাদের এই আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানানোর মাধ্যমে সমাজের নতুন প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করা সম্ভব।” তরুণ সমাজকে আরও বেশি সংখ্যায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে রক্তদাতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাউসার আহমেদ, ইসলাম উদ্দিন, হাবিবুর রহমান, জান্নাত, সুলতান আহমেদ, ইমন মিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। আলোচনা সভা শেষে সংগঠনের নিবন্ধিত স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শেষভাগে সুলতানপুর ব্লাড টিমের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংগঠনের আংশিক কমিটি পুনর্গঠন করা হয়।



