হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জের কালনী-কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরমীগঞ্জের কাকাইলছেও নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অপু দাস গুপ্ত।
পুলিশ জানায়, নিহত গৃহবধু সম্প্রতি তার বাবার বাড়ি একই উপজেলার সাহানগরে বেড়াতে আসে।
মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায় তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল অনেক চেষ্টা করেও তার কোন সন্ধান পায় না।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় তার লাশটি কুশিয়ারা নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কাকাইলছেও নৌ-পুলিশ ফাড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
কাকাইলছেও নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অপু দাস গুপ্ত আরো জানান, স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশেকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। তবে নিহতের ময়না তদন্ত ছাড়াই লাশগ্রহনের জন্য তারা একটি আবেদন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর নিকট দাখিল করেছেন।
