হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০ নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা যাত্রী আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. মাকসুদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
