হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৮ হাজার ৬৬৯ জন শিশু-কিশোর অনলাইনে নিবন্ধন করেছে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এবার ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবলসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
তিনি জানান, নিবন্ধনকারীদের মধ্যে বালক ১০ হাজার ৫৩৯ জন এবং বালিকা ৮ হাজার ১৩০ জন। জেলার ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভা থেকে এসব প্রতিযোগী অংশ নিচ্ছে। এবারের প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিযোগিতাটি উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয়—এই চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। আগামী ৫ নভেম্বর থেকে উপজেলা ও পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য প্রাইজমানি, ট্রফি ও মেডেলের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও জেলা ক্রীড়া সংস্হার সদস্য সচিব এডভোকেট গুলজার খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *