মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ এলাকায় নিরাপদ খাদ্য আইনে অভিযান চালিয়ে শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ ও রসগোল্লা রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে প্রতিষ্ঠান দু’টিতে একাধিক মারাত্মক অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশ পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খাদ্য উৎপাদনের বৈধ কোনো অনুমোদন বা লাইসেন্স না থাকা,বিষ্ঠাযুক্ত ডিম না ধুয়ে নোংরা অবস্থায় সংরক্ষণ করা। কোনো ধরনের ঢাকনা ছাড়াই রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা। ঢাকনা বিহীন ডাস্টবিনে পচনশীল বর্জ্য ফেলা। রান্নায় পোড়া তেল ও জিলাপি তৈরিতে রঙযুক্ত গুড় ব্যবহার করা। ছাদের ওপরে পচা ও পোকায় ধরা রসুন শুকাতে দেওয়া। কার্বন ও কালিযুক্ত খবরের কাগজ দিয়ে খাবার ঢেকে রাখা। উৎপাদিত দইয়ের কাপে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা। স্বাস্থ্যবিধি না মেনে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রস্তুতকরণের রুমে স্টাফদের কাপড় ঝুলিয়ে রাখা।
পূর্বে বারবার অভিযানের মাধ্যমে সতর্ক ও লিখিত নির্দেশনা দেওয়া সত্ত্বেও তা না মানা।
এসব অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট সাপোর্টিং স্টাফরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
