হবিগঞ্জ প্রতিনিধি: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিনে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, হবিগঞ্জের সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জিয়াউল হাসান, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজ মিলি আক্তার তমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এর সদস্য সচিব হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, এডভোকেট নুরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এসএম বজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সন্তান কমান্ডের সভাপতি নুরুল হক টিপুসহ অনেকেই।
সভায় প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ বলেন, ৭ নভেম্বর ছিল পলাতক ফ্যাসিস্টদের আতঙ্কের দিন। বিগত ১৭ বছর ধরে ৭ নভেম্বর পালন করতে পারেনি বিএনপি। প্রতিটি দিবসে ফ্যাসিস্ট সরকার বাধা প্রদান করেছিল। সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
