শাবিপ্রবি প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সর্বশেষ ২০০৭ সালে আমরা এ দিবসটি পালন করতে পেরেছিলাম। দীর্ঘ সময় ধরে দিনটি পালনের সুযোগ দেওয়া হয়নি এবং নতুন প্রজন্মের কাছ থেকে এর ঐতিহাসিক গুরুত্ব আড়াল করার অপচেষ্টা চালানো হয়েছে।”
শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ক্যারিয়ার গঠন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য দেশপ্রেমিক তরুণদের দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। উচ্চশিক্ষার্থে বা কাজের প্রয়োজনে বিদেশে যেতে চাইলে সরকার ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা রাখছে। এছাড়া শিক্ষার্থীরা বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
সভাপতির বক্তব্যে মো. সোহাগ বলেন, রাজনৈতিক সংকটময় মুহূর্তে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। বিগত বছরগুলোতে নানা অপপ্রচার চালানো হলেও ছাত্রদল কখনো আদর্শচ্যুত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ৭ নভেম্বর জাতীয় ঐক্য, সংহতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। শাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আ ফ ম জাকারিয়া, অধ্যাপক ড. ইফতেখার আহমদ, অধ্যাপক ড. মাসুদ আলম ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন। সভায় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
