সুনামগঞ্জ প্রতিনিধি | Amar Sylhet
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের পৃথক মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সড়ক ছাড় দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের থানার সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একটির নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরী। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিকসহ অন্য নেতারা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে সড়ক ছেড়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে পুলিশ দুই পক্ষকে থামানোর চেষ্টা করলেও নেতাকর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে অন্তত ২০ জন আহত হন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী জানান, তারা মিছিল শেষ করে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে এসে মিছিল ও স্লোগান দিতে শুরু করলে উত্তেজনা তৈরি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
অপর পক্ষের নেতা মাসুম মাহমুদ তালুকদার অভিযোগ করেন, চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে তাদের মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। এ সময় তাদের পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, বিএনপির দুই পক্ষের দুটি মিছিল মুখোমুখি হওয়ার পর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের লোকজন নিজ নিজ অবস্থানে চলে গেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
