নিজস্ব প্রতিবেদক:
হত্যা মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘ ২৩ বছর ধরে কারাগারে ছিলেন চা শ্রমিক নাইডু রাজু মুন্ডা। বর্তমানে তার বয়স হয়েছে ৫০ বছর। সম্প্রতি সাধারণ ক্ষমার আওতায় তার কারাদণ্ড মওকুফ হলেও অর্থদণ্ডের ৫০ হাজার টাকার জন্য কারামুক্তি আটকে যায়। এই টাকা পরিশোধের সামর্থ্য নেই রাজুর। বিষয়টি জানতে পেরে মানবিকতার হাত বাড়ান সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। রাজুর অর্থদণ্ডের টাকা তিনি পরিশোধ করেন, আর এতেই কারাজীবনের অবসান ঘটে রাজুর। রবিবার (৮ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজু।
কারাসূত্রে জানা যায়, জেল কোডের ৫৬৯ বিধান অনুযায়ী, ২০ বছর সাজা ভোগের পর মানবিক বিবেচনায় মুক্তির সুযোগ থাকায় রাজুর পক্ষে আবেদন করা হয়। পরে তার কারাদণ্ড মওকুফের আদেশ আসে। কিন্তু ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে মুক্তি আটকে যায়। পরিবারের পক্ষেও এই অর্থ পরিশোধ করা সম্ভব ছিল না। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় তুলে ধরেন সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী।
সভায় উপস্থিত নাসিম হোসাইন অসহায় চা-শ্রমিকের মুক্তির বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের ৫০ হাজার টাকা পরিশোধের দায়িত্ব নেন। সভা শেষে তিনি টাকা পাঠিয়ে দেন এবং দ্রুত রাজুর মুক্তির ব্যবস্থা করার অনুরোধ জানান। প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী জানান, রাজুর মুক্তির জন্য একজন দাতা খুঁজছিলেন তিনি। কয়েক জায়গায় যোগাযোগ করেও সফল হননি। পরে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরলে নাসিম হোসাইন সহায়তায় এগিয়ে আসেন।
তাকে কারাগারের ফটকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হলেও তিনি সেখানে যেতে চাননি। বরং দ্রুত রাজুর মুক্তির ব্যবস্থা করার কথা বলেন। মুক্তির পর রাজু তার সঙ্গে কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে ২০০৩ সাল থেকে কারাগারে ছিলেন নাইটু মুণ্ডা রাজু। জেল কোডের ৫৬৯ বিধান অনুযায়ী ২০ বছর সাজা ভোগের পর মানবিক বিবেচনায় তার মুক্তির আবেদন করা হয়।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তির আদেশ এলেও অর্থদণ্ডের টাকা পরিশোধ না হওয়ায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছিল না। অর্থদণ্ড পরিশোধের ব্যবস্থা হওয়ার পর তাকে মুক্তি দেয়া হয়েছে।
জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা রাজু স্থানীয় একটি চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। বিয়ে করেননি তিনি। দীর্ঘ কারাবাসে আপনজনদের সাথে সম্পর্কও অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুক্তির পর রাজু বলেন, ভুলের মাশুল তো জেল খাটলাম। পাপ মুছেছে। এখন সামনের দিনটা ভালো করে কাটাতে চাই।
আবার চা-শ্রমিকের কাজ করবেন কি না, জানতে চাইলে বলেন, সঙ্গীসাথি কেউ তো আর নাই। জেলে যে কাজ (বাবুর্চি) করছি, সেইটাই করার চেষ্টা করমু।
প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী জানিয়েছেন, রাজু বাবুর্চির কাজ করতে চাইলে তাকে কোনো রেস্তোরাঁয় কাজের ব্যবস্থা করে দেয়ার চেষ্টা করবেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরানো একটি মানবিক দায়িত্ব।
