শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উচ্চশিক্ষার পাশাপাশি বিশ্বমানের গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারের বার্ষিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে আন্তর্জাতিক ও বিশ্বমানের বিভিন্ন জার্নালে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মোট ৩৯৫টি নিবন্ধ প্রকাশিত এবং ইনসেনটিভপ্রাপ্ত হয়েছে।

প্রকাশিত গবেষণার গুণগত মানের দিক থেকে মোট ৩৯৫টি নিবন্ধের মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ২০৭টি গবেষণাপত্র স্থান পেয়েছে বিশ্বের শীর্ষমানের কিউ১ (ফার্স্ট কোয়ার্টাইল) জার্নালে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার মান ও গ্রহণযোগ্যতা নির্ধারণে কিউ১ ক্যাটাগরিকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া আন্তর্জাতিক রেটিং অনুযায়ী কিউ২ জার্নালে ১০৯টি, কিউ৩-তে ৫৮টি এবং কিউ৪ জার্নালে ২১টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ। এককভাবে বিভাগটি সর্বোচ্চ ৫৬টি নিবন্ধ প্রকাশ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের মোট অর্জনের ১৪ শতাংশের বেশি। বিশেষ বিষয় হলো, এফইটি বিভাগের ৫৬টি গবেষণার মধ্যে ৪১টি-ই প্রকাশিত হয়েছে কিউ১ জার্নালে। এ ছাড়া তাদের কিউ২-তে ৯টি, কিউ৩-তে ২টি এবং কিউ৪-এ ৪টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্র প্রকাশের সার্বিক তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে তিনটি বিভাগ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) এবং পরিসংখ্যান বিভাগ। এই তিনটি বিভাগের গবেষকরা ৩৩টি করে গবেষণাপত্র প্রকাশ করেছেন। এর মধ্যে এফইএস বিভাগের ২৫টি, বিএমবি বিভাগের ২৩টি এবং পরিসংখ্যান বিভাগের ১৩টি নিবন্ধ কিউ১ জার্নালে প্রকাশিত হয়েছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে রসায়ন (সিএইচই) বিভাগ। তাদের মোট ২৮টি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যার মধ্যে ১৬টি স্থান পেয়েছে কিউ১ জার্নালে।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ ২৪টি এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (জিইই) বিভাগ ২০টি গবেষণাপত্র প্রকাশ করেছে।

এ ছাড়া গণিত বিভাগ ১৫টি; কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ও সমাজবিজ্ঞান বিভাগ ১৪টি করে; ব্যবসায় প্রশাসন ১৩টি; সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) ও অর্থনীতি বিভাগ ১২টি করে এবং সমুদ্রবিজ্ঞান বিভাগ ১০টি নিবন্ধ প্রকাশ করেছে।

অন্যান্য বিভাগের মধ্যে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ ৯টি; আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও সমাজকর্ম বিভাগ ৭টি করে গবেষণাপত্র প্রকাশ করেছে। অন্যদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ৬টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগ প্রকাশ করেছে ৫টি নিবন্ধ। উল্লেখযোগ্য বিষয় হলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫টি গবেষণার সবকটিই কিউ১ ক্যাটাগরির জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ৪টি, পদার্থবিজ্ঞান বিভাগ ৩টি এবং ইংরেজি বিভাগ ২টি গবেষণাপত্র প্রকাশ করেছে।

এ বিষয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শাহ আতিকুল হক বলেন, “গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯৫টি পাবলিকেশন হয়েছে। এর মধ্যে কিউ১ জার্নালে অর্ধেকের বেশি নিবন্ধ স্থান পেয়েছে, যা সরাসরি নির্দেশ করে যে আমাদের গবেষকদের গবেষণার মান অত্যন্ত সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের।”

তিনি আরও বলেন, “গবেষণার এই গুণগত মান আরও কীভাবে বাড়ানো যায়, সে লক্ষ্যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ অব্যাহত থাকবে। গবেষকরা যাতে অনুকূল পরিবেশে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *