বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলা সমবায় অফিসের অধীনে শতাধিক নিবন্ধিত সমবায় সমিতি থাকলেও বাস্তবে সক্রিয় রয়েছে মাত্র ৪০টি। দীর্ঘদিন ধরে কার্যকর নজরদারি ও তদারকি না থাকায় অধিকাংশ সমিতিতে অনিয়ম ও বিশৃঙ্খলা জেঁকে বসেছে। ফলে একের পর এক সমিতি নিষ্ক্রিয় হয়ে পড়ছে, যার চরম খেসারত দিতে হচ্ছে সাধারণ সমবায়ীদের।

অনুসন্ধানে জানা গেছে, বিয়ানীবাজারে সক্রিয় সমিতিগুলোর মধ্যে মৎস্যজীবী সমিতির সংখ্যাই বেশি। বর্তমানে প্রায় ৩৫টি মৎস্য সমবায় সমিতির কার্যক্রম চালু রয়েছে। তবে অভিযোগ উঠেছে, এসব সমিতির সিংহভাগই কার্যত নিয়ন্ত্রণ করেন মাত্র ৩ থেকে ৪ জন ব্যক্তি। প্রায় দুই দশক ধরে প্রভাবশালী এ চক্র উপজেলার বিভিন্ন জলমহাল দখল ও মৎস্যসম্পদ আহরণের নামে নিজেদের স্বার্থ হাসিল করে আসছে।

অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। তৎকালীন স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতার প্রত্যক্ষ মদদে সমবায় সমিতির আড়ালে গড়ে তোলা হয় জলমহাল নিয়ন্ত্রণের একটি শক্তিশালী সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তন হলেও সেই সিন্ডিকেটের দৌরাত্ম্য পুরোপুরি থামেনি। নামসর্বস্ব সমিতিতে অর্থায়ন ও বিভিন্ন কাগুজে কার্যক্রমের মাধ্যমে তারা জলমহালগুলোর ওপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

মৎস্য সমিতির বাইরে ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে উপজেলায় সক্রিয় রয়েছে মাত্র তিনটি সংগঠন। এর মধ্যে একটি বড় সমিতি অনিয়ম ও বিতর্কের জেরে বিলুপ্তির পথে। বর্তমানে শাহপরাণ সমবায় এবং জমজম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যক্রম চালু রয়েছে।

যথাযথ জবাবদিহি না থাকায় এসব প্রতিষ্ঠান ব্যক্তিবিশেষের পকেট সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ সাধারণ সদস্যদের। নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম), হিসাব নিরীক্ষা (অডিট) কিংবা সমিতির কার্যক্রম পরিদর্শনের মতো আইনি বাধ্যবাধকতাগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত। ফলে সাধারণ সদস্যদের স্বার্থ ও অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে।

অথচ সমবায় অফিসের মূল দায়িত্ব হলো নতুন সমিতি গঠন, নিবন্ধনসেবা প্রদান, ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তদারকি, সদস্যদের প্রশিক্ষণ, ঋণ কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখা এবং বার্ষিক আয়-ব্যয়ের অডিট নিশ্চিত করা। কিন্তু বিয়ানীবাজারে এসব তদারকি কার্যত দৃশ্যমান নয়। নিয়মিত অডিট ও পরিদর্শন না হওয়ায় সমবায় আন্দোলনের মূল উদ্দেশ্য যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে চরম অনাস্থা।

এ বিষয়ে উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়, তীব্র জনবল সংকটের কারণে সমিতিগুলোর সার্বিক কার্যক্রম নিয়মিত নজরদারি করা কঠিন হয়ে পড়েছে। অফিস নিজেই নানা সীমাবদ্ধতা নিয়ে চলছে। এ ছাড়া গত এক বছরে উপজেলায় নতুন কোনো সমিতি নিবন্ধনের আবেদনও পড়েনি।

উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার বলেন, “সক্রিয় সমবায় সমিতিগুলো ভালো কাজ করছে। জনবল সংকট থাকলেও আমরা যথাসম্ভব নজরদারি বজায় রেখেছি। এরপরও সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয় সচেতন মহলের মতে, শুধু অভিযোগের অপেক্ষায় না থেকে নিবন্ধিত প্রতিটি সমিতির মাঠপর্যায়ের কার্যক্রম যাচাই, নিয়মিত অডিট, জলমহাল ইজারায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ সদস্যদের অধিকার সুরক্ষায় প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপে যেতে হবে। তা না হলে সমবায়ের সাইনবোর্ডে কতিপয় সুবিধাভোগীর অপতৎপরতা বন্ধ করা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *