নিজাম উদ্দীন সালেহ
দীর্ঘ অনিশ্চয়তা, জল্পনা-কল্পনা আর অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় গতি ফিরেছে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এখন জোরেশোরে নিয়োগকর্তার চাহিদাপত্র ও ক্ষমতাপত্র সত্যায়নের কাজ চালিয়ে যাচ্ছে। এই সত্যায়নই হলো বিদেশে কর্মী পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, চাহিদাপত্র সত্যায়ন ছাড়া কোনো কর্মীই মালয়েশিয়ায় যেতে পারবেন না। হাইকমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮ হাজার ৬০০ জনের বেশি কর্মী নিয়োগের বিপরীতে ২৫৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৭০ জন কর্মীর নিয়োগসংক্রান্ত ১৩০টি আবেদন ইতোমধ্যে সত্যায়ন করা হয়েছে। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নতুন নতুন আবেদন জমা পড়ছে। ফলে আশা করা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে কয়েক হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন।
চাহিদাপত্র বলতে কী বোঝায়, তা অনেকেই জানেন না। মালয়েশিয়ার কোনো মালিক যখন বলেন, আমার কারখানায়, বাগানে বা নির্মাণ কাজে এতজন কর্মী লাগবে, তখন তিনি একটি চিঠি দেন। এই চিঠিকেই বলা হয় চাহিদাপত্র বা ডিমান্ড লেটার। এর সঙ্গে থাকে ক্ষমতাপত্র বা পাওয়ার অব অ্যাটর্নি। এই কাগজ দিয়ে মালিক বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে তার পক্ষে কর্মী নিয়োগের ক্ষমতা দেন। এই দুটি কাগজ বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার পর শুরু হয় যাচাই-বাছাই। হাইকমিশনের শ্রম কল্যাণ শাখার কর্মকর্তারা সরাসরি গিয়ে কোম্পানি পরিদর্শন করেন। তারা দেখেন, কোম্পানির আর্থিক অবস্থা কেমন, কর্মপরিবেশ ভালো কি না, কর্মীদের থাকার জায়গা মানসম্মত কি না, আগে কোনো প্রতারণা বা অনিয়মের রেকর্ড আছে কি না। সবকিছু ঠিক থাকলেই চাহিদাপত্র সত্যায়ন করা হয়। এই কঠোর যাচাইয়ের কারণে ইতোমধ্যে দুটি কোম্পানির ৪০ জন কর্মীর আবেদন বাতিল করা হয়েছে। কারণ, তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা নির্ধারিত মানের ছিল না। হাইকমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, মান পূরণ না করলে কোনো আবেদনই অনুমোদন দেওয়া হবে না।
গত ২২ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার নিয়োগকর্তারা হাইকমিশনের ই-এম্বাসি সিস্টেমের মাধ্যমে অনলাইনে আবেদন করছেন। অনলাইনের পাশাপাশি নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী কাগজপত্রের হার্ডকপিও জমা দিতে হচ্ছে। এসব কাগজ মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সত্যায়িত হতে হয়। সত্যায়ন সম্পন্ন হলে তথ্য পাঠিয়ে দেওয়া হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, সংশ্লিষ্ট বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি এবং মালয়েশিয়ার নিয়োগকর্তার কাছে। গত ৫ নভেম্বর রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন, প্রয়োজনে বাংলাদেশ থেকে অস্থায়ী কর্মী পাঠিয়ে সত্যায়নের কাজ আরও দ্রুত করা হবে। এতে এজেন্সিগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
এর আগে গত ১৫ অক্টোবর সরকার আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুর ঘোষণা দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, প্রাথমিক পর্যায়ে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাবেন। এই জিরো কস্ট নিয়োগের বিষয়ে মালয়েশিয়া নীতিগতভাবে সম্মত হয়েছে। এছাড়া বোয়েসেলসহ ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিসহ মোট ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকাভুক্ত এজেন্সিগুলোই মালয়েশিয়া থেকে চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে এবং কর্মী নির্বাচন করতে পারবে। কলিং ভিসা ও ই-ভিসার মতো প্রশাসনিক কাজে বোয়েসেল ও প্রসেসিং এজেন্সিগুলো সহায়তা করবে। এরপর বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে কর্মীরা মালয়েশিয়ায় যাবেন।
সিলেটসহ সারা দেশের হাজার হাজার পরিবার এখন এই খবরের দিকে তাকিয়ে আছে। কারণ, অনেক তরুণ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন দেখছেন। অনেকে দালালের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। এখন সরকারি প্রক্রিয়ায় স্বচ্ছভাবে কর্মী যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সেই আশা আবার জেগে উঠেছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। চাহিদাপত্র সত্যায়ন হওয়ার মানেই চাকরি নিশ্চিত হয়ে যাওয়া নয়। টাকা দেওয়ার আগে অবশ্যই বৈধ এজেন্সি, বিএমইটি ছাড়পত্র এবং হাইকমিশনের সত্যায়ন যাচাই করে নিতে হবে। দালালের মিষ্টি কথায় ভুলে গিয়ে সর্বস্ব হারালে চলবে না। সরকারের উচিত, প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখা, যাতে কোনো কর্মীকে প্রতারণার শিকার হতে না হয়। মালয়েশিয়ার শ্রমবাজার যদি সত্যিই স্বচ্ছভাবে খুলে যায়, তাহলে তা বাংলাদেশের অর্থনীতি, রেমিট্যান্স এবং হাজার হাজার পরিবারের ভাগ্য বদলে দেবে।
